বিকাশে চালু হলো ঢাকা ব্যাংকের সাপ্তাহিক ইসলামিক ডিপিএস, কীভাবে হিসাব খুলবেন

· Prothom Alo

বিকাশ অ্যাপে চালু হয়েছে ঢাকা ব্যাংকের স্বল্পমেয়াদি ‘সাপ্তাহিক’ ইসলামিক ডিপিএস। গ্রাহকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এই সেবা চালু করেছে প্রতিষ্ঠান দুটি। এর ফলে বিকাশ অ্যাপ থেকে ২৫০ থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে জমানো যাবে। ৬ বা ১২ মাস মেয়াদে এই টাকা জমবে।

Visit asg-reflektory.pl for more information.

আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সাপ্তাহিক ইসলামিক ডিপিএস সেবা সহায়ক হবে। এই সাপ্তাহিক ডিপিএস স্বল্প আয় এবং দৈনিক মজুরিভিত্তিক পেশাজীবীদের অল্প অল্প করে টাকা জমানোর সুযোগ করে দেবে, যা তাদের ভবিষ্যৎ নিরাপত্তা, কৃষি-ব্যবসায় বিনিয়োগ, শিক্ষা, চিকিৎসা বা অন্য যেকোনো জরুরি প্রয়োজনে কাজে আসতে পারে। বিকাশের এক বিজ্ঞপ্তিতে এই নতুন ডিপিএসের খবর দিয়েছে।

কীভাবে শুরু

২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস দিয়ে যাত্রা শুরু করে বিকাশের ডিজিটাল সেভিংস সেবা। এই সেবায় পর্যায়ক্রমে যুক্ত হয় ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে সিটি ব্যাংকের মাসিক ইসলামিক ডিপিএস চালু হয় বিকাশ অ্যাপে। এখন ঢাকা ব্যাংকে সেবাও চালু হলো।

ডিপিএসের ৮০% ঢাকা ও চট্টগ্রামের বাইরে

বিকাশ অ্যাপ থেকে যেসব ডিপিএস খোলা হয়েছে, তার প্রায় ৩০ শতাংশই খুলেছেন নারীরা। ডিপিএস খোলা গ্রাহকদের ৮০ শতাংশই বাস করেন ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের বাইরে। আবার বিকাশ অ্যাপে খোলা ৫৫ শতাংশই ডিপিএসই খোলা হয়েছে ব্যাংকিং সময়ের বাইরে। অর্থাৎ গ্রাহকরা নিজের সুবিধামতো সময়ে সঞ্চয়ের মতো জরুরি আর্থিক সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদিকে এক জরিপে দেখা গেছে, যেসব গ্রাহকের ডিপিএসের মেয়াদ এরই মধ্যে পূর্ণ হয়েছে, তাঁদের ৯৬ শতাংশই আবার বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপিএস খোলার আগ্রহ প্রকাশ করেছেন। এসব তথ্য জানিয়েছে বিকাশ

কীভাবে খুলবেন ইসলামিক ডিপিএস

নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ক্লিক করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ট্যাপ করতে হবে। সেভিংসের ধরন থেকে ‘ইসলামিক সেভিংস’ বেছে নিয়ে ডিপিএসের ধরন—সাপ্তাহিক, মেয়াদ-৬ বা ১২ মাস এবং প্রতি সপ্তাহে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক—২৫০, ৫০০, ১০০০, ২০০০ বা ৫০০০ টাকা নির্বাচন করতে হবে।

পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে ঢাকা ব্যাংক নির্বাচন করে সেভিংসের নমিনিসংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর সেভিংসের বিস্তারিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে এবং বুঝে সম্মতি দিতে হবে। সবশেষে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই ডিপিএসের আবেদন সম্পন্ন হবে। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ বার্তা। যেকোনো গ্রাহকের জন্য বিকাশ অ্যাপ থেকে একাধিক ডিপিএস খোলার সুযোগ রয়েছে।

বিকাশ হিসাবে প্রয়োজনীয় ব্যালেন্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএসের টাকা কেটে নেওয়া হয়। ডিপিএসের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর বিকাশ অ্যাপেই মুনাফাসহ মূল টাকা পেয়ে যাবেন গ্রাহক, যা কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করা যায়। এদিকে জরুরি প্রয়োজনে মেয়াদ পূর্তির আগেই ডিপিএস ভাঙতে চাইলে নির্দিষ্ট সময় পর গ্রাহক তা বিকাশ অ্যাপ থেকেই করতে পারবেন।

Read full story at source