প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার পূরণে খুবই আন্তরিক: বাণিজ্যমন্ত্রী
· Prothom Alo

নির্বাচনী অঙ্গীকার পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার জন্যই দ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড বিএনপি ও প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল। ইচ্ছা করলে এটি সরকারের চার বছরের মাথায় দেওয়া যেত। কিন্তু সেটি না করে সরকার গঠনের ২১ দিনের মধ্যে দেশের ১০টি অঞ্চলে এই কার্ড বিতরণ প্রমাণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটা আন্তরিক।
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র স্কুলে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৯৭ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
Visit sweetbonanza.qpon for more information.
বাণিজ্যমন্ত্রী জানান, দেশের ১০টি অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণের উদ্দেশ্য হচ্ছে পারিবারিক ভিত্তি সুদৃঢ় করা। মানুষের মুখে হাসি ফোটানো, তাঁদের সচ্ছলতা দেখা। এখানে বিন্দুমাত্র কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি বলেন, পরিবারে নারীরাই ভালোভাবে জানেন সংসারের কোন খরচটি বেশি প্রয়োজন। তাঁরাই সঠিকভাবে খরচ পরিচালনার পর সঞ্চয় করতে পারেন। এই কর্মসূচির মাধ্যমে পরিবারে আর্থিক ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা আরও শক্তিশালী করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার দেশের উন্নয়নকে সামনে রেখেই নেওয়া হয়েছে এবং সেগুলো সরকারের মেয়াদকালেই বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন হবে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে খন্দকার আবদুল মুক্তাদির জানান, এতে দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই। এই যুদ্ধে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়বেই। সাগরপথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে পণ্য পরিবহন খরচ বাড়বে।
আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধ্যত্ব ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয়ক্ষমতা থাকে না, দারিদ্র্য বাড়ে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।