সরকার জাতীয় সংসদকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে: চিফ হুইপ
· Prothom Alo

জাতীয় সংসদকে নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত করার মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম (মণি)। বর্তমান সরকার জাতীয় সংসদকে কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছে বলে তিনি জানিয়েছেন।
আজ রোববার দুপুরে বরগুনা শহরের উপকণ্ঠে ক্রোক খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, বিএনপি সরকার জাতীয় সংসদকে কার্যকর ও সর্বোচ্চ জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছে, যাতে এটি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
Visit fish-roadgame.com for more information.
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম বলেন, গণতন্ত্র, জবাবদিহি ও সুশাসনকে উপেক্ষা করে লুটপাটতন্ত্র কায়েম করা হয়েছিল এবং প্রায় ৩২ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা সম্ভব ছিল।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে চিফ হুইপ জানান, সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। খননকৃত খালের দুই পাশে বনায়নের সমন্বিত উদ্যোগও নেওয়া হয়েছে।
খাল খননের বিভিন্ন সুবিধা তুলে ধরে নুরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের খাল খনন কর্মসূচি দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরে খালগুলো ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়। সেই ধারাবাহিকতা পুনরুদ্ধারে বর্তমান সরকারের উদ্যোগে নতুন করে খাল খনন শুরু হয়েছে। ফলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষিজমিতে পৌঁছাবে, যা খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধারে সহায়ক হবে।
চিফ হুইপ জানান, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে দেশের মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যে বরগুনা নিয়ে বিভিন্ন উন্নয়ন ভাবনাও তুলে ধরেন নুরুল ইসলাম। তাঁর মতে, বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। তিনি বলেন, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এর মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং এক ফসলি জমিতে তিন ফসল উৎপাদন সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ওয়ালিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হান্নান প্রধান, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজসহ স্থানীয় নেতারা।