ছেলের দেওয়া থাপ্পড় নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
· Prothom Alo

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুলাল মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কেওডালা এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল কেওডালা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
Visit chinesewhispers.club for more information.
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে কেওডালা এলাকায় সাজিদ নামের প্রতিবেশী এক যুবকের সঙ্গে দুলালের ছেলে ওসমান গণির কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সাজিদ বিষয়টি তাঁর পরিবারকে জানায়। একপর্যায়ে তাঁর আত্মীয়-স্বজনেরা দুলালের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়।
দুলালের পরিবারের অভিযোগ, সাজিদের স্বজনেরা ওসমান গনিকে মারধর করে। এ সময় তাঁকে বাঁচাতে ছুটে যান বাবা দুলাল মিয়া। প্রতিপক্ষের লোকজন দুলালকেও পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে বন্দর থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসমান গণি অভিযোগ করেন, বাড়ির সীমানাপ্রাচীর বেয়ে সাজিদ এসে তাঁর বাবার পিঠে থাপ্পড় দেন। তিনিও দুষ্টুমি করে থাপ্পড় দিলে সাজিদ বিষয়টি পরিবারকে জানায়। সাজিদের স্বজনেরা এসে তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।